নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার বিকেল পাঁচটায় নূর হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার দুপুরে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১১ মামলায় নূর হোসেনকে গ্রেফতার দেখিয়ে হাজির করানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নূর হোসেন ইস্যুতে সকাল থেকেই জেলা আদালতপাড়াসহ আশপাশের এলাকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সকাল সোয়া আটটায় নূর হোসেনকে নারায়ণগঞ্জ আনা হয়। দুপুরে আদালতে হাজির করানোর সময়ে তার উপর জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। তবে নূর হোসেনকে পুরো সময়ে বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে।
এদিকে নূর হোসেনের ফাঁসির দাবিতে বিক্ষোভ করে নিহতদের পরিবারের স্বজনেরা। পরিবারগুলো তাকে নতুন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে।
