বাগেরহাটে সংঘর্ষে আহত একজনের মৃত্যু

আপডেট : ১৪ নভেম্বর ২০১৫, ১৪:৩৯
 
বাগেরহাটে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত জাহাঙ্গীর শেখ (২৪) নামে এক যুবক মারা গেছেন। শনিবার সকালে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জাহাঙ্গীর শেখ বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কালিয়া গ্রামের ইসরাফিল শেখের ছেলে।
 
এর আগে শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কালিয়া বাজারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মনি মল্লিকের একটি ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।
 
ডেমা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বলেন, প্রতিপক্ষের সশস্ত্র হামলায় আওয়ামী লীগ সমর্থক জাহাঙ্গীর শেখ মাথায় গুরুতর আঘাত পান। প্রথমে তাকে বাগেরহাট সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়া হয়। ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় সকালে জাহাঙ্গীরের মৃত্যু হয়।
 
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে আহত জাহাঙ্গীর শেখ নামে এক যুবক চিকিত্সাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। তার মৃতদেহ বাগেরহাট আনা হচ্ছে।