ছোট ভাইয়ের পরীক্ষা দিতে এসে বড় ভাই কারাগারে

আপডেট : ১৪ নভেম্বর ২০১৫, ১৮:৫৬
গোপালগঞ্জের কাশিয়ানীতে ছোট ভাইয়ের স্থলে বড় ভাই পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন। এ ঘটনায় তাকে এক বছরের কারাদণ্ড দেয় ভ্রাম্যমান আদালত। শুক্রবার কাশিয়ানী উপজেলার ফুকরা এম এম একাডেমীতে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, কাশিয়ানী  উপজেলার ফুকরা এম এম একাডেমীর (ভকেশনাল) শাখার পরীক্ষা কেন্দ্রে উপজেলার নিজামকান্দি গ্রামের বাদশা মোল্যার ছেলে তারিকুল মোল্যার স্থলে তার বড় ভাই সোহাগ মোল্যা (২৩) পরীক্ষা দেয়ার সময় থানা পুলিশের হাতে ধরা পড়েন। পরে কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মুনিরুজ্জামান তাৎক্ষনিক মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক বছর কারাদণ্ড দেন।
 
এ ব্যাপারে ফুকরা এম এম একাডেমির প্রধান শিক্ষক মো. জইন উদ্দিন বলেন, 'গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, যে নিজাম কান্দি গ্রামের তারিকুল মোল্যা, তার বড় ভাই সোহাগ মোল্যা ও তার মামা সেলিম মোল্যার সহযোগিতায় একজনের পরিবর্তে আরেকজন পরীক্ষা দিচ্ছে। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই। তারা এসে ভূয়া পরীক্ষার্থীকে আটক করে নিয়ে যায়।'