সাভারে গণধর্ষণের শিকার এক পোশাক শ্রমিক

আপডেট : ১৪ নভেম্বর ২০১৫, ২১:৪৩
 
সাভারে অপহরণের পর এক পোশাক শ্রমিককে পালাক্রমে গণধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে পৌর এলাকার নামা গেন্ডা এলাকা থেকে ওই পোশাক শ্রমিককে অপহরণ করা হয়।
 
জানা গেছে, অপহরণকারীরা তাকে সাভারের সাধাপুর এলাকার একটি কলা বাগানে নিয়ে গণধর্ষণ করে। শনিবার বিকেলে পুলিশ ওই এলাকা থেকে ধর্ষিতাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
পুলিশ ও ধর্ষিতার পরিবার সূত্রে জানা গেছে, সাভার বাজার রোড়ের সরদার ইন্টারন্যাশনাল পোশাক কারখানার ওই শ্রমিক কাজ শেষে নামা গেন্ডার গাবতলায়  তার বাসায় ফিরছিলেন। রাত আটটার দিকে গেন্ডা এলাকায় পৌঁছালে তার পূর্ব পরিচিত জীবন নামের এক যুবক তাকে ডেকে পিকআপ ভ্যানে উঠতে বলে। সে না উঠতে চাইলে জোরপূর্বক জীবন ও তার কয়েকজন সহযোগী তাকে অপহরণ করে সাধাপুর এলাকায় নিয়ে যায়। সেখানে একটি কলা বাগানের ভিতরে সারারাত জীবন তার সহযোগী কালাম, সাগর, মোস্তাকিন ও ইমরানসহ ৮/১০জন পালাক্রমে ধর্ষণ করে। এরপর ভোর রাতে পিকআপ ভ্যানে করে তাকে অচেতন অবস্থায় হেমায়েতপুরে ফেলে রেখে আসে।
 
খবর পেয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম সাধাপুর এলাকায় গিয়ে ওই শ্রমিককে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় পুলিশ ধর্ষনকারী গ্রুপের কালাম নামের এক বখাটেকে গ্রেফতার করে। সে সাধাপুর পুরানবাড়ী এলাকার লাল মিয়ার পুত্র। তবে মূল নায়ক ওই এলাকার মৃত আবু বক্কর সিকদারের ছেলে জীবনকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। এ ঘটনায় ওই ধর্ষিতা বাদী হয়ে শুক্রবার সন্ধ্যায় সাভার মডেল  থানায় একটি নারী শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।
 

এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি তদন্ত আবু-সাঈদ আল মামুন জানান, ধর্ষিতা বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।