গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত দশলিয়া সরকারি প্রাথামিক বিদ্যালয়ের পুরাতন ভবনের দেয়াল ও টিন ধসে চার শিক্ষার্থী আহত হয়েছে। বিদ্যালয় চলাকালে শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলো- ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শাহানা, শাবানা, সাথি ও নাজমিন।
আহতদের মধ্যে শাহানাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সরকার জানান, বিদ্যালয়ের পুরাতন ভবনের ক্লাস রুমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীরা বসে ছিল। এসময় হঠাৎ করে ক্লাস রুমের পশ্চিম পাশের দেয়াল ও টিন ধসে শিক্ষার্থীদের উপড়ে পড়ে। এতে অন্য শিক্ষার্থীরা ক্লাস থেকে দ্রুত বের হয়ে গেলেও দেয়াল-টিনের চাপা পড়ে চার শিক্ষার্থী আহত হয়।
তিনি আরও জানান, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়ের পুরাতন ভবনটি একেবারে জরাজীর্ন হয়ে পড়েছিল। বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা ৪ শতাধিক। নতুন ভবনের দু’টি ক্লাস রুমে তাদের জায়গা সংকুলান না হওয়ায় ঝুঁকি নিয়েই পুরাতন ভবনে শিক্ষার্থীদের ক্লাস নেয়া হয়। ওই ভবনটি সংস্কারের জন্য একাধিবার কর্তৃপক্ষের কাছে আবেদন করেও কাজ হয়নি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ফয়জার রহমান জানান, প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অবহেলায় এতদিনেও বিদ্যালয়ের ওই পুরাতন ভবনটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়নি। এ কারণে এ ঘটনা ঘটেছে।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লা আল মামুন তালুকদার জানান, বিদ্যালয়ের পুরাতন ভবনটি এখন থেকে পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় উপজেলা পরিষদ থেকে বহন করা হবে।
