ফ্রান্সের রাজধানী প্যারিসে শনিবারের ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের মধ্যে দুজন মেক্সিকোর নাগরিক। এই হামলায় ১২৯ জন নিহত ও আরো শতাধিক লোক আহত হয়েছে।
মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে নিশ্চিত করছি যে প্যারিসে গতকালের ভয়াবহ হামলায় নিহত দুই নারীর একজন মেক্সিকো ও স্পেনের দ্বৈত নাগরিক এবং অপরজন মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। যুক্তরাষ্ট্র শনিবারই মেক্সিকান-আমেরিকান নারী নোহেমি গঞ্জালেজের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।
নোহেমি লং বিচের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির ডিজাইনিংয়ের ৩য় বর্ষের ছাত্রী ছিলেন। মেক্সিকোর কর্মকর্তারা জানান, এই জঘন্য হামলায় নিহত অপর নারীর নাম মিশেল গিল জাইমেজ। তার বাড়ি ভেরাক্রুজের বন্দর নগরী টুক্সপানে। বাসস।
