মুন্সীগঞ্জে ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে সিরাজদিথান থানা পুলিশ। রবিবার ভোরে সিরাজদিখান উপজেলার চালতিপাড়া থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে রামদা, চাপাতি ও ধারালো ছুরি উদ্ধার করা হয়।
আটকৃত ডাকাতরা হলেন- শরিয়তপুর জেলার গোসাইর হাট থানার লক্ষ্মীপুর গ্রামের আনছার খার ছেলে দুলাল খা (৪০), ঢাকা জেলার কামরাঙ্গীর চরের চান মিয়ার ছেলে দিপু মিয়া (৩০), ফরিদপুর নগর কান্দা থানার কাওড়াপাড়া গ্রামের জৈনুদ্দিনের ছেলে হারুন বেপারী সুমন (৪০), ফরিদপুর নগর কান্দা থানার গহের নামা গ্রামের মৃত হোসেন তালুকদারের ছেলে মঈন তালুকদার (৩৪) ও গোপালগঞ্জের মোকসেদপুর থানার গোপ্তেরগাতি গ্রামের কবির শেখের ছেলে শামিম শেখ (২৫)।
এ সময় সহকারী পুলিশ সুপার মো. সামসুজ্জামানসহ ৬ পুলিশ সদস্য আহত হন। আহতরা হলেন- সহকারী পুলিশ সুপার মো. সামসুজ্জামান, ওসি (তদন্ত) জিল্লুর রহমান, সাব-ইন্সেপেক্টর হানিফ সরকার, সাব-ইন্সেপেক্টর আমিনুর ইসলাম, পুলিশ কনস্টবেল জিহাদ ও সুব্রত।
সহকারী পুলিশ সুপার মো. সামসুজ্জামান জানান, গোপন সংবাদে পুলিশ জানতে পারে ডাকাতি হতে পারে। এই খবরে টহল জোরদার করা হয়। টহল জোরদার থাকায় ডাকাত দল রবিবার ভোরে ডাকাতি না করে চলে যাওয়ার সময় পথে পুলিশ টহল দলের সামনে পড়ে। পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় ডাকাত দলের সদস্যরা পুকুরের ঝাঁপ দেয়। সেখান থেকে ৫ ডাকাতকে আটক করা হয়। এ সময় অনেক ডাকাত সদস্য পালিয়ে যায়। সামসুজ্জামান বলেন, 'পলাতক ডাকাতদের ধরতে পুলিশি অভিযান এখনও অব্যহত রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ডাকাতির করার জন্য এসেছে বলে স্বীকার করেছে।'
