ঝিনাইগাতীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ০০:৫৮

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বহু অপকর্মের হোতা হাতিবান্দা ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিনকে ১৫ নভেম্বর  রাতে গ্রেফতার করেছে পুলিশ।

নাসির উদ্দিন ও তার লোকজন ১৩ নভেম্বর শুক্রবার ওই গ্রামের রেজাউল করিমের ৫০ শতাংশ জমির ধান জোরপূর্বক কেটে নিয়ে যায়। এ সময় রেজাউল করিম ও তার স্ত্রী লাভলী বেগম প্রতিবাদ করতে গেলে নাসির উদ্দিন ও তার লোকজন তাদের ধরে বাড়িতে নিয়ে হাত-পা বেঁধে বেধরক মারপিট করে। খবর পেয়ে থানা পুলিশ নাসির উদ্দিনের বাড়ি থেকে রেজাউল করিম ও তার স্ত্রীকে উদ্ধার করে।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিনসহ চার জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়। রোববার রাতে ওসি মিজানুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নাসির উদ্দিনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারী, এলজিএসপির টাকা ও টিআরের চাল আত্মসাতসহ বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে ডজন খানেক মামলা রয়েছে।
গত প্রায় ৫ বছরে বিভিন্ন সময় তার বিরুদ্ধে এলাকায় একাধিকবার মানববন্ধনও করা হয়। ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ায় হাতিবান্দা ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে।