মেহেরপুরে ছিনতাইকারীর অস্ত্রের আঘাতে ইসরাফিল হোসেন (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ইসলামনগরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইসলামনগর গ্রামের ইসরাফিল হোসেন আমঝুপি বাজার থেকে বাড়ি ফেরার সময় আমঝুপি-ইসলামনগর মাঠের মধ্যে ছিনতাইকারীদের কবলে পড়েন। টাকা ছিনিয়ে নিতে গেলে ছিনতাইকারীদের সঙ্গে ইসরাফিলের ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে কুপিয়ে জখম করা হয়। এ সময় তাকে ঠেকাতে গিয়ে পথচারী আমঝুপি গ্রামের রজব আলীকে অপহরণ করে ছিনতাইকারীরা। ইসরাফিলকে রেখে রজব আলীকে অপহরণ করে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে ছিনতাইকারী চক্র। পুলিশের অভিযান শুরু হলে রাত সাড়ে ১০টার দিকে রজব আলীকে হিজুলী গ্রামের মাঠে ছেড়ে দিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পুলিশ রজব আলী ও ইসরাফিলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসাধিন অবস্থায় রাত ২টার দিকে ইসরাফিলের মুত্যু হয়।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতির পাশাপাশি হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।
