'হত্যাসহ সব অপরাধের শাস্তি দিতে হবে'

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ১৪:২২
সম্প্রতি বিদেশি নাগরিক হত্যার বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, 'প্যারিসে নারকীয় হামলার ২৪ঘণ্টার মধ্যে তিন জঙ্গিকে শনাক্ত করা হয়েছে। অথচ আমাদের দেশে-বিদেশি হত্যাসহ বড় বড় অপরাধ সংঘঠিত হলেও এসব অপরাধের রহস্য উদঘাটন হচ্ছে, হবে- শুনতে হচ্ছে। একটি ঘটনারও সুষ্ঠু তদন্ত আলোর মুখ দেখছে না। আমরা এসব আর শুনতে চাই না। এসব হত্যাসহ সব অপরাধের সঠিক তদন্ত সাপেক্ষে রহস্য উন্মোচন এবং প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি দিতে হবে।' সোমবার সকালে ২৫০ শয্যার মেহেরপুর জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মিজানুর রহমান এসব কথা বলেন।
 
বিচার বহির্ভূত হত্যায় জাতীয় মানবাধিকার কমিশন উদ্বেগ প্রকাশ করেছে। সম্প্রতি বিচার বহির্ভূত হত্যা বেড়ে যাওয়ায় এ উদ্বেগ প্রকাশ করেন ড. মিজানুর রহমান। তিনি বলেন, 'কোনো সভ্য সমাজ বা রাষ্ট্রে যেখানে আইনের নূন্যতম শাসন রয়েছে- সেখানে বিচার বহির্ভূত কাম্য হতে পারে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সব সময় তীব্র নিন্দা, সমালোচনা ও প্রতিবাদ জানিয়ে আসছে মানবাধিকার কমিশন।' 
 
তিনি আরও বলেন, 'বিচার বহির্ভূত হত্যা একা মানবাধিকার কমিশন বন্ধ করতে পারবে না। এটি বন্ধ করতে সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে। কোনো অজুহাতে যেন আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে মানুষ মারা না যায়।'
 
শিশু রাজন ও রাকিব হত্যার ন্যায় বিচারের রায় ঘোষণা করে বিচার বিভাগ এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। রাষ্ট্র ও রাজনৈতিক সব বিবেচনার ঊর্ধ্বে থেকে বিচার বিভাগ আগামীতে নারায়গঞ্জের তকি হত্যার রায় ঘোষণা করবে বলেও আশা করেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান।
 
এসময় মেহেরপুর জেলা প্রশাসক শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মজিবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ছিলেন।