চট্টগ্রামের বায়েজিদ থানার ওসি সাময়িক বরখাস্ত

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ২১:২২
 
চট্টগ্রামের বায়েজিদ থানার ওসি প্রদীপ কুমার দাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তেল আটকের ঘটনায় সদর দফতর থেকে এই আদেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের অতিরিক্ত কমিশনার (প্রশাসন) একেএম শহীদুর রহমান।
 
একেএম শহীদুর রহমান জানান, পুলিশ সদর দফতর থেকে চট্টগ্রাম নগর পুলিশের সদর দফতরে এই সংক্রান্ত আদেশ এসেছে।
 
ঐ ঘটনায় বায়েজীদ থানার দুই উপ-পরিদর্শককেও সাময়িক বরখাস্তের ব্যবস্থা নিয়েছে নগর পুলিশ কর্তৃপক্ষ।
 
গত ৪ আগস্ট নগরীর বায়েজিদ বোস্তামি থানা পুলিশ সুপার রিফাইনারি কারখানার নয় হাজার লিটার কেএসও বোঝাই একটি লরি আটক করে।  লরিতে অবৈধ তেল রয়েছে- এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সেটি আটক করা হয়। এ ঘটনায় সুপার রিফাইনারি কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য কর্মকর্তাসহ মোট ১০ জনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানার এসআই সুজন বিশ্বাস বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত করেন একই থানার এস আই একরামুল হক।
 
মামলা হওয়ার পর পুলিশের মহাপরিদর্শকের কাছে হয়রানির অভিযোগ করেন সুপার রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আহমেদ। তার ঐ অভিযোগের পর পুলিশ সদর থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।