নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচরে টাকার লেনদেনকে কেন্দ্র করে ইসমাইল হোসেন (৫০) নামে এক কৃষককে কুপিয়ে ও গুলি হত্যা করেছে সন্ত্রসীরা।
সোমবার দিবাগত ভোর রাত ৩টার দিকে মাইজচরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের আবদুল মান্নানের ছেলে।
নিহতের স্ত্রী শেফালী বেগম জানান, তাদের এক আত্মীয় তার স্বামীর কাছ থেকে ৩০ হাজার টাকা দাবি করে। টাকা দিতে না পারায় ভোর রাতে ১০/১২ জনের একদল সন্ত্রাসী ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে তার স্বামীকে ধরে নিয়ে যায়। এসময় তাকে ও তার শশুর আবদুল মন্নানকে মারধর করে। পরে বাড়ির অদূরে নিয়ে তাকে গুলি করে। গুলির শব্দ শুনে এলাকাবাসীরা এসে ইসমাইলদের লাশ পড়ে থাকতে দেখেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
