কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সুমন (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মহাসড়কের আলেখারচর এলাকায় দুপুরে বিপরীত দিক থেকে আসা কুমিল্লা শহর অভিমুখি একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক সুমন নিহত হন।
ময়নামতি হাইওয়ে থানার ওসি মো. আবদুল আউয়াল জানান, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ কাভার্ডভ্যানটি আটক করেছে। নিহতের লাশ হাইওয়ে থানায় নেয়া হয়েছে।
