রামগড় উপজেলার প্রত্যন্ত এলাকা খাগড়াবিল বাজারে রবিবার রাত পৌনে ১টায় অগ্নিকাণ্ড ৯টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি।
জানা গেছে, রবিবার রাত পৌনে ১টার দিকে বাজারের মহিন উদ্দিনের চায়ের দোকানের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে অল্প সময়ের মধ্যে আশেপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগড় উপজেলা সদর থেকে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে। ততক্ষণে এলাকার বাসিন্দারা প্রাণপণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্তদের মধ্যে মাসুদ সওদাগরের মুদি দোকান ও চালের গুদাম, আবুল বাশারের মুদি দোকান, আব্দুল হান্নানের চায়ের দোকান, রুহুল আমীনের মোবাইল ও সোলার প্যানেলের দোকান, ছালেহ আহম্মদের চায়ের দোকান, শাহ আলমের কুলিং কর্ণার, সাহাব আলীর দোকানঘরের সমস্ত মালামালসহ পুড়ে গেছে। এদের মধ্যে মাসুদ সওদাগরের ক্ষয়ক্ষতি প্রায় ১২ লক্ষ টাকা বলে তিনি দাবি করেছেন।
রামগড় ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ হাবিবুল্লাহ বাহার জানান, জনৈক মহিন উদ্দিনের চায়ের দোকানের চুলার উপরে রাখা লাকড়ি পুড়ে আগুন ঐ দোকানসহ বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।
এদিকে আজ সোমবার রামগড় উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম ভুইয়া, উপজেলা নির্বাহি অফিসার মো. ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফাসহ বিভিন্ন নেতৃবৃন্দ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া বাজারের দোকান পরিদর্শন করেন।
