'অর্পিত দায়িত্ব পালন করলে দেশ আরো সুন্দর হবে'

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ১৭:১১
 
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান বলেছেন, আমরা সততার সঙ্গে কাজ করে যাচ্ছি। অর্পিত দায়িত্ব সকলে সঠিকভাবে পালন করলে দেশটা আরো সুন্দর হবে। রক্ষা পাবে মানবাধিকার। সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মানবাধিকার সুরক্ষায় জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা তিনি একথাগুলো বলেন।
 
তিনি বলেন, আগের চেয়ে বর্তমান সময়ে মানবাধিকার কমিশন আরো শক্তিশালী। বর্তমান সরকার মানবাধিকার কমিশনকে আরো শক্তিশালী করার চেষ্টা  করছে। নিজ গতিতে মানবাধিকার কমিশন স্বাধীনভাবে কাজ করছে। দ্রুততম সময়ের মধ্যে বিভাগীয় পর্যায়ে মানবাধিকার কশিননের কার্যালয় স্থাপনের মধ্য দিয়ে সারা দেশে এর সেবা আরো বেশি ছড়িয়ে দেওয়া হবে।
 
জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য সেলিনা রহমান, মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম, সিভিল সার্জন ডা. মজিবুল হক, গণপূর্ত নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ প্রমুখ। উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও মানবাধিকার নিয়ে কর্মরত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
 
এর আগে মেহেরপুর আড়াইশ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করে ড. মিজানুর রহমান।