গাজীপুরে মেয়েকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

আপডেট : ১৬ নভেম্বর ২০১৫, ১৮:৩১
গাজীপুরে মেয়েকে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত মো. সোহেল রানা (৩২)গাজীপুর সিটি কর্পোরেশনের লাঠিভাঙ্গা এলাকার বাসিন্দা।
 
জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ জানান, ২০১৪ সালের ১৪ অক্টোবর মেয়ে সোহানাসহ সোহেল রানা ও স্ত্রী রাবেয়া আক্তার মহানগরীর কালাকৈর গ্রামে রাবেয়ার নানার বাড়িতে বেড়াতে যায়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাক্বিতণ্ডা হয়। ওই দিন দুপুরে রাবেয়া তার তিন মাসের শিশু কন্যা সোহানা আক্তারকে বাবার কাছে রেখে কিছুক্ষণের জন্য ঘরের বাইরে যায়। এ সময় সোহেল রানা তার কন্যা সোহানাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পরে কড্ডা ব্রিজের উপর থেকে মেয়ে সোহানাকে তুরাগ নদীতে নিক্ষেপ করে চলে যায়।
 
পরদিন সকালে কড্ডা ব্রিজের নিচে নদীতে নেমে মেয়েকে খুঁজতে থাকে সোহেল। এক পর্যায়ে স্থানীয়রা সন্দেহবশত তাকে আটক করলে তিনি তার মেয়েকে নদীতে ফেলে হত্যা করেছে বলে তাদের জানান। পরে এলাকাবাসী তাকে পুলিশে সোপর্দ করে।
 
এ ঘটনায় রাবেয়ার ভাই আসাদুল হক বাদী হয়ে মামলা করেন। এ বছর ৩১ অক্টোবর সোহেল রানার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।
 
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি মো. হারিছ উদ্দিন আহামদ, আসামি পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মো. শাহজাহান।