খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। পরোয়ানাপ্রাপ্ত অপর আসামিরা হলেন, মহানগর সাধারণ সম্পাদক খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সদ্য সাময়িক বরখাস্তকৃত মেয়র মনিরুজ্জামান মনি, শেখ মো. মুরাদ হোসেন ওরফে সোহাগ ও মো. বাবুল হোসেন।
সোমবার খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ গ্রেফতারি পরোয়ান জারি করেন। আগামী ২২ ডিসেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৪ জানুয়ারি রাতে ২০ দলীয় জোটের লাগাতার আন্দোলন কর্মসূচির অংশ হিসাবে নগরীর পিটিআই মোড়ে একটি ইজিবাইক ভাঙচুর করে এতে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ইজিবাইক মালিক রবিউল ইসলাম নাশকতার মামলা করেন। এ মামলার ওই চার পলাতক আসামিসহ পুলিশ ১৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জসিট দাখিল করে। এদের মধ্যে গ্রেফতার ১২ আসামি এ মামলায় জামিনে রয়েছেন।
