সিরাজগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১৭ নভেম্বর ২০১৫, ১১:৫৫
সিরাজগঞ্জের এনায়েতপুরে মরিয়ম (১৮) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকালে এনায়েতপুর থানাধীন মাজগ্রাম চর গ্রামের নিজ বাড়িতে থেকে মরিয়মের গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করা হয়।
 
নিহত মরিয়ম ঐ গ্রামের নূরনবী মন্ডলের স্ত্রী এবং একই গ্রামের কৃষক মোকাদ্দেস আলীর মেয়ে। তার ৩ মাসের বয়সের একটি কন্যাশিশু রয়েছে। 
 
নিহতের পিতা মোকাদ্দেস আলীর অভিযোগ, কলহের জের ধরে সোমবার মধ্যরাতে নূরনবী মরিয়মকে পিটিয়ে হত্যা করে তার মৃতদেহ ঘরের সাথে ঝুলিয়ে রেখেছে। 
 
তবে নূরনবীর পরিবারের সদস্যদের দাবি, মরিয়ম আত্মহত্যা করেছে। 
 
এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী নূরনবী পলাতক রয়েছেন।
 
জানা যায়, এনায়েতপুর থানাধীন মাজগ্রাম চরের খোসাল মন্ডলের ছেলে দিনমজুর নূরনবীর সাথে ২ বছর আগে একই গ্রামের মোকদম সরকারের মেয়ে মরিয়মের বিয়ে হয়। এলাকাবাসীরা জানান, বিয়ের পর থেকেই নূরনবী ও মরিয়ম মধ্যে কলহ চলছিল।
 
এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি আকরাম হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটা হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।