রাজশাহী মহানগরীর বুধপাড়ায় ট্রেনে কাটা পড়ে এক এসএসসি পরীক্ষার্থীর (১৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাকিব আল হাসান ডাঁশমারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং ওই এলাকার জনৈক ইয়াসিন আলীর ছেলে।
রাজশাহী রেলওয়ে পুলিশের উপ-পরির্দশক (এসআই) রেজাউল ইসলাম জানান, ভোরে সাকিব কিসমত কুখন্ডি এলাকার বোনের বাড়ি থেকে সাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিল। গণির ঢালান এলাকার রেললাইন পার হওয়ার সময় রাজশাহী থেকে চিলাহাটিগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে সে ঘটনাস্থলেই মারা যায়। রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। বিকেলে ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
