সরাইলে যুবলীগ কর্মীর হাতে সংবাদকর্মী লাঞ্ছিত, জিডি

আপডেট : ১৭ নভেম্বর ২০১৫, ১৯:১৭
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা কম্পাউন্ডে যুবলীগ কর্মীর হাতে মোহাম্মদ মাসুদ নামে এক সংবাদকর্মী লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘বিজয়’র ওই উপজেলা প্রতিনিধি সাধারণ ডায়েরি করেছেন।
 
সরাইল প্রেসক্লাব কার্যালয়ে সোমবার সন্ধ্যায় মো. আইয়ুব খানের সভাপতিত্বে জরুরি সভায় এ ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়।
 
জিডি সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর সরাইল উপজেলা সদরে আওয়ামী লীগের কর্মী সভায় পেশাগত দায়িত্ব পালনকালে ওই সংবাদকর্মীর সঙ্গে উপজেলা সদরের যুবলীগ কর্মী শুভর বাক্বিতণ্ডা হয়। এরই জের ধরে থানা কম্পাউন্ডের সামনে সোমবার শুভসহ ৪/৫ জন যুবক ওই সংবাদ কর্মীর গতিরোধ করেন। তারা ৬ নভেম্বর ঘটনার প্রসঙ্গ টেনে মাসুদকে টানা হেচড়া করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ সময় উপজেলার সরকারি অফিস এবং স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কোনো কর্মসূচিতে স্থানীয় সংবাদ কর্মীরা প্রবেশ করলে দেখে নেয়ার হুমকিও দেয় তারা। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনায় স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করা হয়। এখন পর্যন্ত স্থানীয় পুলিশ প্রশাসন ওই বখাটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
 
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বলেন, ‘বিষয়টি আইনি পক্রিয়ায় রয়েছে।’