জঙ্গী মদদদাতাদের সঙ্গে কোন সংলাপ নয় : ইনু

আপডেট : ১৭ নভেম্বর ২০১৫, ২৩:২৯

কুষ্টিয়ার মিরপুর উপজেলা জাসদের উদ্যোগে মঙ্গলবার বিকেলে স্থানীয় ফুটবল মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় উপজেলা জাসদের সভাপতি মহাম্মদ শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তথ্যমন্ত্রী তার বক্তব্যে বলেছেন, এই মুহূর্তে সরকারের একমাত্র কাজ হচ্ছে জঙ্গী দমন করা এবং বাংলাদেশকে নিরাপদ রাখা। আর যারা জঙ্গীদের সঙ্গে থাকে, মদদ দেয় তাদের সঙ্গে কোন সংলাপ বা আলোচনা হতে পারে না। তিনি আরো বলেন, খালেদা জিয়ার সংলাপ ও আলোচনার প্রস্তাব একটা রাজনৈতিক ঠাট্টা তামাশা ছাড়া কিছু না। অন্তত তাদের সঙ্গে কোন কিছু হতে পারে না।
 
ইনু জনতার উদ্দেশ্যে বলেন, আগামী ২০১৯ সালের মধ্যে কুষ্টিয়া রাজবাড়ির সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ করতে আরিচায় দ্বিতীয় পদ্মা সেতুর ভিত্তি স্থাপন করা হবে। মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে সব বাড়িতে বিদ্যুতের আলো জ্বালাবেন বলে ঘোষণা দেন।
 
জেলা জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক কারশেদ আলমের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান, করিম শিকদার, জাতীয় নারী জোটের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আফরোজা হক রীনা, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, উপজেলা জাসদের সাবেক সভাপতি শফিউল আলম শফি, বারুইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান, মালিহাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরউদ্দিন ভদু প্রমুখ।