টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ১৮ নভেম্বর ২০১৫, ১০:৫৩
গাজীপুরের টঙ্গীতে সাজ্জাদ হোসেন বাদল (১৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ রাতেই সবুজ ওরফে সজীব (২২) ও নাঈম (২১) নামের দুই যুবককে আটক করেছে। 
 
নিহত বাদল স্থানীয় আউচপাড়া মুক্তারবাড়ি সড়ক এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে। 
 
নিহত বাদলের মামা মো. রমজান আলী জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তিনি মাদকাসক্ত বাদলকে স্থানীয় একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন। পথে সাদ্দাম, জাকির ও নাঈমসহ কয়েকজন ৩-৪টি ককটেল ফাটিয়ে তার কাছ থেকে বাদলকে ছিনিয়ে নেয়। এরপর রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে। বাদলকে উদ্ধার করে প্রথমে টঙ্গী হাসপাতাল ও পরে উত্তরায় রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। 
 
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন জানান, স্বজনরা রাত ৯টার দিকে মৃতদেহটি টঙ্গী থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে রাতেই বাদলের মা সামসুন্নাহার বাদি হয়ে মামলা দায়ের করেছেন। পরে রাত ১১টার দিকে মুক্তারবাড়ি সড়ক এলাকায় অভিযান চালিয়ে সবুজ ও নাঈমকে আটক করা হয়।