ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

আপডেট : ১৮ নভেম্বর ২০১৫, ১৫:৩২
গাজীপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে তাকে আটক করা হয়।
 
আটককৃতের নাম প্রভাত চন্দ্র বর্মন (৪০)। তিনি রংপুর জেলার পীরগঞ্জ থানার চাপাবাড়ি এলাকার মৃত বাবু সাধুর ছেলে।
 
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের এসআই মো. জাকির হোসেন জানান, রিকশা চালক প্রভাত চন্দ্র বর্মন এবং ওই শিশুটির বাবা গাজীপুর মহানগরীর ভোগড়া বাসন সড়ক এলাকা ফারুকের বাড়িতে ভাড়া থাকে। ১৫ নভেম্বর শিশুটির বাবা রিকশা চালাতে ও মা গার্মেন্টে চলে গেলে দুপুরের দিকে প্রভাত ওই শিশুটিকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না বলার জন্য শিশুটিকে ১০টাকা দেয় প্রভাত। পরে শিশুটি ব্যাথা অনুভব করলে ঘটনাটি তার মা-বাবাকে জানায়। দুই দিন ধরে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করার জন্য চেষ্টা করা হয়। মিমাংসায় ব্যর্থ হলে মঙ্গলবার রাতে শিশুটির অভিভাবক পুলিশকে ঘটনাটি জানায়। পরে মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে পুলিশ ওই ভাড়া বাসা থেকে প্রভাত চন্দ্রবর্মনকে আটক করে।  
 
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ভিকটিমকে পরীক্ষা-নিরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।