জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা চলাকালে বুধবার নরসিংদীর রায়পুরা ডিগ্রী কলেজ কেন্দ্রের একটি খালিকক্ষে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পরিক্ষার্থীরা আতঙ্কে ছুটাছুটি শুরু করে।
রায়পুরা কলেজের অধ্যক্ষ মো. আমজাদ হোসেন বলেন, দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে দোতলার ২০৩ নং কক্ষে বিকট শব্দ হয় এবং মুহূর্তের মধ্যেই কক্ষের চারপাশ ধোয়া আচ্ছন্ন হয়ে ওঠে। এতে পরীক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি আরো বলেন, বিগত দিনে এ কলেজে এ রকম ঘটনা ঘটেনি।
খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন, সহকারী কমিশনার ভূমি মাসুদ কামাল, রায়পুরা থানার ওসি আজহারুল ইসলাম সরকারসহ উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
রায়পুরা থানার ওসি মো. আজহারুল ইসলাম সরকার বলেন, এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়ার লক্ষে পটকা ফাটিয়ে নাশকতার চেষ্টা চালিয়েছে একটি চক্র। নাশকতার চেষ্টাকারীদের শাস্তির আওতায় আনার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে পুলিশ।
