কারও কাছে মাথা বেচব না: হাসান আজিজুল হক

আপডেট : ১৮ নভেম্বর ২০১৫, ১৬:৪০
কথা সাহিত্যিক হাসান আজিজুল হক বলেছেন, ‘আমাকে অনেকে জিজ্ঞেস করেন, আমি হতাশাবাদী কী না, তাদের আমি বলি আমি হতাশাবাদী নই, আমি জেগে জেগে স্বপ্নও দেখি না। যেহেতু বাস্তবকে পরিবর্তন করা যায়, সেহেতু আমি আশাবাদী। আমি লেখক হয়েছি এ জন্যই যে, আমি কারও কাছে মাথা বেচব না।’ মঙ্গলবার দিবাগত রাতে চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে হোমিওপ্যাথিক কলেজ মিলনায়তনে ৫ গুণীজনকে সংবর্ধনার অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 
 
তিনি বলেন, 'এদেশের ৫-৭ ভাগ লোক সবকিছু লুটেপুটে খাচ্ছে। মাঝখান থেকে কিছু লোক ঝুলে আছে যারা সুবিধাবাদী। সুবিধা নেয়ার জন্য তারা বিভিন্ন দিকে ছুটে বেড়াচ্ছে। দেশের সবকিছু এত নিম্নগামী যে কোনোকিছুই আর ঠিক নেই।’ 
 
তিনি আরও বলেন, ‘এই দেশ কী আমরা চেয়েছিলাম? আমরা যারা সবধরনের সুবিধাপ্রাপ্ত, তারা দেশের সবকিছু দেখি। আর দু-একটা কথা বলি। যেহেতু সংস্কৃতির চর্চা করছি, তেলমাখা সংস্কৃতি, এই সংস্কৃতি দিয়ে কী হবে? মানুষ কী এখন বেঁচে আছে? এখন মানুষ বেঁচে নেই, আমরা যারা ঘুরে বেড়াচ্ছি, তারা মৃত মানুষ। বেঁচে থেকে এখন মৃত। সত্যিকার অর্থে বেঁচে থাকলে দেশের এই অবস্থা হত না। মৌলবাদ-জঙ্গীবাদ ঘুরে বেড়াতে পারত না।' 
 
রাজশাহী ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ডা. এফএমএ জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্ট অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা সৈয়দ হাসান ইমাম, নাট্যজন ও চলচ্চিত্রকার নাসির উদ্দীন ইউসুফ, প্রমাণ্যচিত্র নির্মাতা মানজারেহাসীন মুরাদ, অভিনেত্রী শর্মিলী আহমেদ ও বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক ড. তসিকুল ইসলাম রাজাকে ঋত্বিক ঘটক সম্মাননা পদক প্রদান করা হয়। শর্মিলী ও হাসান ইমামের অনুপস্থিত থাকায় তাদের পরিচিতজনের হাতে পদক তুলে দেয়া হয়। 
 
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ।
 
সমবেদনা সাংসদ বাদশার
এদিকে মঙ্গলবার রাতে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের বাসভবনে যান। তিনি হাসান আজিজুল হককে টেলিফোনে দেয়া হুমকীর বিষয়ে খোঁজ-খবর নেন। তার নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ গুরুত্বের প্রতিশ্রুতি দেন। এসময় রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতা কামার উল্লাহ সরকার কামাল, মহানগর ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি মতিউর রহমান মতি প্রমুখ উপস্থিত ছিলেন।