গাজীপুরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন

আপডেট : ১৮ নভেম্বর ২০১৫, ১৭:০৯
 
গাজীপুরে স্বামী নজরুল ইসলামকে কুপিয়ে হত্যার দায়ে স্ত্রী চাঁদ সুলতানাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
 
গাজীপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মো. হারিছ উদ্দিন আহামদ জানান, চাঁদ সুলতানা তার স্বামী নজরুল ইসলাম ও এক প্রতিবন্ধী মেয়েকে নিয়ে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার আব্দুল হালিমের বাড়িতে ভাড়া থাকতেন। ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি পারিবারিক কলহের জের ধরে চাঁদ সুলতানা তার স্বামী নজরুল ইসলামকে বটি দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। পর দিন পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাগিনা ইদ্রিস মিয়া বাদী হয়ে চাঁদ সুলতানাকে আসামি করে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ চাঁদ সুলতানাকে গ্রেফতার করে।
 

মামলার তদন্ত কর্মকর্তা জয়দেবপুর থানার এস আই মো. শহীদুল্লাহ তদন্ত শেষে ২০১০ সালের ৩১ জুলাই আদালতে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ২০১১ সালের ৮ মে আদালতে চার্জশিটটি গৃহিত হয়। আদালত ৬ জনে সাক্ষ্য গ্রহণ করেন। দীর্ঘ শুনানি শেষে বুধবার ওই আদালতের বিচারক একেএম এনামুল হক স্বামী হত্যায় দোষী সাবস্ত্য হওয়ায় চাঁদ সুলতানাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।