ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া শিশুর ভরণ-পোষণে সরকারকে নির্দেশ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৫, ১৮:০৮
 
ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সাথে ওই ঘটনায় জন্ম নেয়া শিশুর ভরণ পোষণে সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। সেই সাথে শিশুটির পিতৃপরিচয় হিসেবে ধর্ষণকারীর নাম ব্যবহারের নির্দেশও দেয়া হয়েছে।
 
বুধবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক বজলুর রহমান এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম চুন্ন শেখ। তার বাড়ি ফরিদপুরের মধুখালী উপজেলার কারন্যপুর গ্রামে। রায় ঘোষণার সময় আসামি চুন্নু পলাতক ছিল।
 
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৯ জুলাই ধর্ষিতা তরুণী পুকুরে গোসল করতে গেলে আগে থেকে ওত্ পেতে থাকা চুন্নু তাকে পাশের আখ খেতে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটির মা হালিমা বেগম বাদী হয়ে মধুখালী থানায় মামলা দায়ের করেন। ধর্ষনের ঘটনায় ওই তরুণী একটি কন্যা সন্তানের জন্ম দেন।
 
নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি মো. বাবু মোল্লা জানান, আদালত তার রায়ে চুন্ন শেখের যাবত্জীবন কারাদণ্ড প্রদান ও ১০হাজার টাকা জরিমানা এবং একই সাথে সরকারকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া কন্যা সন্তানের ২১ বছর না হওয়া পর্যন্ত ভরণ পোষণ দেয়ার নির্দেশ দিয়েছে।