খুলনায় সতর্কাবস্থায় আইন-শৃঙ্খলা বাহিনী

আপডেট : ১৮ নভেম্বর ২০১৫, ২০:১৭
মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার পর খুলনায় সতর্কাবস্থায় রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বুধবার সন্ধ্যা পর্যন্ত নগরীর কোথাও কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও নাশকতা ঠেকাতে  আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কাবস্থায় রয়েছে। প্রস্তুত রাখা হয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের।
 
জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদন বুধবার খারিজ করে মৃত্যুদণ্ডের রায় বহাল রাখে আপিল বিভাগ। এর পর থেকে নগরীতে নাশকতা প্রতিরোধে শহরের প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়তি নজরদারি শুরু করে পুলিশ।  বিশেষ করে নগরীর জেলখানা, আদালত পাড়া, বিদ্যুৎ কেন্দ্র, রেডিও স্টেশন এবং বিটিভির সম্প্রচার কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায়ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
নগরীতে বাড়তি নিরাপত্তার বিষয়টি স্বীকার করে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মুখপাত্র এডিসি শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, মৃত্যুদণ্ডের রায় বহাল থাকায় নগরীতে পুলিশ সর্তকাবস্থায় রয়েছে। অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। স্পর্শকাতর স্থানগুলোতে বিশেষ নজরদারি ও মহানগরীতে টহল জোরদার করা হয়েছে।
 
এদিকে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির দুই প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে তাদের মাঠে নামানো হবে।
 
এ ব্যাপারে খুলনার জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল বলেন, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে পুলিশের সাথে কথা বলে দুই প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। তবে বিজিবি মোতায়েনের মত কোন পরিস্থিতি এখন পর্যন্ত খুলনায় সৃষ্টি হয়নি বলে তিনি দাবি করেন।