সুন্দরবনে অপহৃত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১৯ নভেম্বর ২০১৫, ০৮:৫৫

অপহরণের ৪ দিন পর সুন্দরবন এলাকা থেকে তরিকুজ্জামান সোহাগ (১৮) নামের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে শরণখোলা রেঞ্জের ধানসাগর স্টেশন সংলগ্ন বন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তরিকুজ্জামান সোহাগ শরণখোলা উপজেলার উত্তর কদমতলা গ্রামের মৃত বাদশা তালুকদারের ছেলে।

নিহতের মা তাসলিমা বেগম জানান, ১৪ নভেম্বর বিকালে বাড়ি থেকে বেরিয়ে কর্মস্থল ঢাকার উদ্দেশে রওনা হন সোহাগ। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। ফোনও বন্ধ ছিল। পরদিন ১৫ নভেম্বর অপরিচিত একটি নম্বর থেকে তাকে ফোন করে ছেলেকে ফিরে পেতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে বিষয়টি শরণখোলা থানা পুলিশকেও জানানো হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, সুন্দরবনের ধানসাগর স্টেশন সংলগ্ন বনে একটি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে জেলেরা বন বিভাগ ও পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পুলিশ লাশের পাশে পাওয়া একটি ব্যাগের কাগজপত্র ও ছবি দেখে সোহাগের পরিচয় নিশ্চিত হয়।

প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।