সারাদেশে জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। আপিল বিভাগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রিভিউ খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে এ হরতালের আহ্বান করেছে দলটি। বৃহস্পতিবার দেশব্যাপী সর্বাত্মক শান্তিপূর্ণ হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বুধবার দুপুরে এ হরতালের ডাক দেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ। বিবৃতিতে তিনি বলেন, ‘জামায়াতকে নেতৃত্বশূন্য করার জন্য সরকার জামায়াত নেতৃবৃন্দের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করেছে। সরকারি ষড়যন্ত্রের শিকার হয়েছেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। সরকার তাকে পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষীও নেই। এতদসত্ত্বেও সরকারের মিথ্যা মামলায় মুজাহিদকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে।’
‘এ রায়ের বিরুদ্ধে তিনি রিভিউ আবেদন করলে তা খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। এ রায়ে মুজাহিদ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। মুজাহিদকে হত্যার সরকারি ষড়যন্ত্র বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে,’ যোগ করেন তিনি।
বিবৃতিতে তিনি বলেন, ‘এ অন্যায় ও ষড়যন্ত্রমূলক সরকারি হত্যাকাণ্ডের প্রতিবাদে আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামীকাল ১৯ নভেম্বর বৃহস্পতিবার সারা দেশে সর্বাত্মক শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করছি।’
হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফার্মেসি ইত্যাদি হরতালের আওতামুক্ত থাকবে বলে উল্লেখ করেন তিনি।
এদিকে, হরতালে নাশকতা মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যান্য দিনের তুলনায় রাজধানীতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
