গাজীপুরের কাপাসিয়ার শেখপাড়া এলাকায় ছুরিকাঘাতে রোজিনা আক্তার নামের এক গৃহবধূ খুন হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন গৃহকর্তা আমান উল্লাহ সিদ্দিক (৪৮) এবং তার ছেলে সুমন (২৩)। বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
আহতদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৫জনকে আটক করেছে।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে একদল ভাড়াটে মুখোশধারী দেশিয় অস্ত্রসহ রাতে কাপাসিয়ার রায়েদ ইউনিয়নের বড়হড় গ্রামের সিদ্দিক শেখের বাড়িতে হানা দেয়। তারা গাছ বেয়ে বাড়ির ছাদে উঠে সিড়ি বেয়ে নিচে নামে। এ সময় সিদ্দিক শেখ টের পেলে দুর্বৃত্তরা প্রথমে তাকে এলোপাথারি কোপায়। পরে তার স্ত্রী রোজিনা আক্তার এবং ছেলে সুমন বাধা দিলে তাদেরকেও এলোপাতাড়ি পিটিয়ে, কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই রোজিনা মারা যান।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ জানান, কাপাসিয়ার রায়েদ ইউনিয়নের বড়হড় গ্রামের সিদ্দিক শেখের ৩ছেলে। এদের মধ্যে বড় দুই ছেলে কামরুল ও সবুজ সৌদি প্রবাসী। ছোট ছেলে সুমন, তিনি বাড়িতে থাকে। সুমন কামরুলের স্ত্রীর শামীমার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে শামীমা গর্ভবতী হয়ে পড়লে সম্পর্কের বিষয়টি ধরা পড়ে এবং পারিবারিকভাবে তাদের মধ্যে বিয়ে পড়ানো হয়। বিয়ের পর গর্ভের সন্তান নষ্ট করে শামীমার বিয়ে বিচ্ছেদ ঘটানো হয়। এ কারণে প্রতিশোধ নিতে শামীমা সন্ত্রাসী ভাড়া করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে কাপাসিয়া উপজেলার পেচুরদিয়া এলাকার আলাউদ্দিনের মেয়ে শামীমা, তার মা ও তিন যুবককে আটক করা হয়েছে।
