রাজধানীর ওয়ারীতে গ্যাসের পাইপলাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো একজন মারা গেছেন। হোসনে আরা বেগম (৪২) নামের ঐ নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন ছিলেন। বৃহস্পতিবার ভোররাতে তিনি মারা যান।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানিয়েছেন, বিস্ফোরণে হোসনে আরার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।
এর আগে একই ঘটনায় হোসনে আরার স্বামী আলমগীর হোসেন (৫৫) গত শুক্রবার দিবাগত রাতে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
ওয়ারী থানার ৯/১০ নম্বর যদুনাথ বসাক লেনের একটি বাড়িতে গত বৃহস্পতিবার মধ্যরাতে গ্যাসের লাইনে বিস্ফোরণ ঘটে। এতে আলমগীর, তার স্ত্রী হোসনে আরা ও মেয়ে শারমিন আলম সাবিনা দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। চিকিত্সাধীন সাবিনার শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।
