পাবনার ভাঙ্গুড়া উপজেলার রুহুলবিলে বিশ লাখ টাকার মাছ মরে গেছে। এগুলোর রয়েছে রুই কাতল-মৃগেল, শোল-গজার, টেংরা, পুঁটি, মেনি বা ভেদা, বাইম ইত্যাদি দেশিয় প্রজাতির মাছ। বিলে বিষ প্রয়োগের ফলে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে বিলে অসংখ্য মরা মাছ ভাসতে দেখা যায় বলে স্থানীয়রা জানায়।
বিলের কোথাও কোথাও মাছের সঙ্গে কিছু মৃত বকও ভাসছে দেখা গেছে। উপজেলা মৎস্য অফিসার মাহবুবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'মঙ্গরবার রুহুলবিলে প্রায় ৫০হাজার লোক একযোগে মাছ ধরতে নামায় পানি নোংরা হয়ে গেছে। ফলে অক্সিজেন অভাবে মাছ মারা যাচ্ছে। এদিকে মৃত মাছ খেয়ে বক পাখির মৃত্যুর ঘটনায় অভিজ্ঞমহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেরই ধারণা বিলে বিষ প্রয়োগের ফলে এই ঘটনা ঘটেছে।
রুহুলবিল মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক গোলাম হাফিজ জানান, বর্তমান বিলে পানির আয়তন ৮০ একর এবং পানির গড় উচ্চতা ৪ফুট। তাই মাছ মরার সঠিক কারণ তাদের কাছেও বোধগম্য নয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শামছুল আলম বলেন, 'ঘটনা যাই ঘটুক, তা দুঃখজনক। বিষ প্রয়োগের প্রমাণ পাওযা গেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সেই সঙ্গে মাছের অভয়াশ্রম রক্ষার সর্বাত্মক চেষ্টা চালানো হবে।'
