আইএস দমনে জাতিসংঘে রাশিয়া ও ফ্রান্সের প্রস্তাব

আপডেট : ১৯ নভেম্বর ২০১৫, ১৬:২২

জঙ্গি গ্রুপ আইএস বিরোধী যুদ্ধের জন্য রাশিয়া বুধবার জাতিসংঘে তার সংশোধিত খসড়া প্রস্তাব পেশ করেছে। এদিকে ফ্রান্স বলেছে, তারা তাদের নিজস্ব নিরাপত্তা পদক্ষেপে রুশ প্রস্তাবের কিছু অংশ অন্তর্ভুক্ত করতে পারে।

গত সেপ্টেম্বরে রাশিয়া এ সংক্রান্ত প্রথম প্রস্তাব নিরাপত্তা পরিষদে তুলে ধরেছিল। কিন্তু আইএস দমনে সিরীয় সরকারের অনুমতি লাগবে এ শর্ত থাকায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিল। উল্লেখ্য, সিরিয়া রাশিয়ার অন্যতম মিত্র।  রুশ দূত ভিতালি চুরকিন বলেন, নতুন প্রস্তাবেও শর্তটি রয়েছে। তবে এ নিয়ে আর মতভেদ নেই।

তিনি বলেন, আমরা প্রস্তাবে আরো নিবিড়ভাবে সহযোগিতার আহ্বান জানিয়েছি, যা সিরিয়া ও ইরাকে যারা বর্তমানে আইএস বিরোধী লড়াইয়ে অংশ নিয়েছে তাদের মধ্যে রয়েছে।  ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ প্যারিসে হামলার প্রেক্ষাপটে আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই আরো জোরদারের জন্য প্রস্তাব দ্রুত পাস করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন।

ওলাঁদ আগামী ২৬ নভেম্বর মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত করবেন। এর আগে ওয়াশিংটনে তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বৈঠক করবেন।  ফরাসী দূত ফ্রাঁসোয়া দেলাত্রি বলেন, তিনি প্রস্তাব তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন। অভিন্ন শত্রু আইএস দমনে প্রস্তাবটি হবে সংক্ষিপ্ত, কিন্তু শক্তিশালী। এতে আইএস বিরোধী অভিযানকেই গুরুত্ব দেয়া হবে।
 
নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি শিগগিরই উপস্থাপন করা হবে উল্লেখ করে দেলাত্রি বলেন, তিনি খুব মনোযোগ দিয়ে রাশিয়ার প্রস্তাবটি পাঠ করবেন এবং এর অংশ বিশেষ কিভাবে তাদের প্রস্তাবে অন্তর্ভূক্ত করা যায় সে চেষ্টাও করবেন।  আইএস দমনে অবশ্যই সিরিয়ার ভূমিকা রয়েছে উল্লেখ করে চুরকিন জোর দিয়ে বলেন, সিরীয় সরকারকে উপেক্ষা করা মানে আমাদের যৌথ লড়াইয়ের সম্ভাবনাকে দুর্বল করে ফেলা।

এদিকে চলতি সপ্তাহে পুতিন ও ওলাঁদের মধ্যকার ফোনালাপের প্রসঙ্গ ধরে ক্রেমলিন বলেছে, সিরিয়ার সন্ত্রাসী গ্রুপগুলোকে দমনে রাশিয়া ও ফ্রান্সের সামরিক ও নিরাপত্তা বাহিনী একযোগে কাজ করবে।  উল্লেখ্য, গত শুক্রবার ফ্রান্সে ভয়াবহ একাধিক সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হয়েছে। এর আগে মিশরের শার্ম আল শেখে একটি রাশিয়ান বিমান বিধ্বস্ত হয়ে ২২৪ জন নিহত হয়েছে। ইসলামিক স্টেট দাবি করেছে তারা বিমানটি ধ্বংস করেছে। রাশিয়াও আইএসের দাবি সঠিক নিশ্চিত করে বলেছে যেকোনো মূল্যে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে। বাসস।