জমি নিয়ে বিরোধের জেরে ভাগ্নের ধারালো হাসুয়ার কোপে মামা খায়রুল ইসলাম (৫২) খুন হয়েছেন। এই ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজশাহীর তানোর পৌরসভার চাপড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত খায়রুল ঐ গ্রামের আরজেদ আলীর ছেলে। এ ঘটনায় খায়রুলের অপর দুই সহোদর নুরুল ইসলাম (৫০) ও সাইদুর রহমান (৪২) গুরুতর আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকাল ১০টায় তিন ভাই জমিতে আলুর আইল বাঁধতে যান। এসময় বোন জামাই আজিম আলী ও তার ছেলে হাফিজুর রহমান (হাপু), আতাব আলী ও আজাহার আলী দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে ভাগ্নে হাবিবের ধারালো হাসুয়ার কোপে খায়রুলের গলা কেটে যায়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। অন্যদিকে নুরুল ও সাইদুরকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। এসময় স্থানীয়রা এগিয়ে হামলাকারী আজিম ও তার ছেলেরা পালিয়ে যায়। বিকালে রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। থানায় কোনো মামলাও হয়নি।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে।
