খুলনায় জেএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

আপডেট : ১৯ নভেম্বর ২০১৫, ১৭:০৭
 
খুলনায় রাজু হাওলাদার (১৫) নামে এক জেএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা দশগেট সংলগ্ন ময়ূর নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
 
নিহত রাজু নগরীর লবণচরা থানা এলাকার দক্ষিণ মোহাম্মদ নগর গ্রামের সেলিম হাওলাদারের ছেলে। সে স্থানীয় চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি জেএসসি পরীক্ষা দিচ্ছিল।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার তুচ্ছ ঘটনার জের ধরে স্থানীয় বখাটেরা জেএসসি পরীক্ষার্থী রাজু হওলাদারসহ কয়েকজনকে ধাওয়া দিয়ে ময়ূর নদীতে ফেলে দেয়। অন্যরা কূলে উঠতে পারলেও রাজু নিখোঁজ ছিল। আজ দুপুর ১২টার দিকে তার লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
 
এ ব্যাপারে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর-রশীদ বলেন, ময়ূর নদী পার হওয়ার সময় পানিতে ডুবে স্কুল ছাত্র রাজু মারা গেছে বলে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে। তবে কেউ ধাওয়া দিয়ে তাকে নদীতে ফেলে দিয়েছে কি-না সে বিষয়টি জানা যায়নি। পুলিশের সন্দেহ হওয়ায় তার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।