ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডাকাতের হামলায় ছোটন সাহা (৪০) নামের এক রড-সিমেন্ট ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রীও আহত হয়েছেন। শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের মাঝিয়ারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছোটন সাহা মাঝিয়ারা গ্রামের নিথিল সাহার ছেলে। তিনি মাঝিয়ারা বাজারেই রড-সিমেন্টের ব্যবসা করতেন বলে জানা গেছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একদল সশস্ত্র ডাকাত মাঝিয়ারা গ্রামে ব্যবসায়ী ছোটন সাহার বাড়িতে হানা দেয়। এ সময় ছোটন ডাকাতদের দেখে চিৎকার শুরু করলে ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে ডাকাতরা ছোটনের স্ত্রীর হাত-পা বেঁধে বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে পালিয়ে যায়।
ওসি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
