রাবিতে শনিবার থেকে দুই দিনব্যাপী ‘জব ফেয়ার’

আপডেট : ২০ নভেম্বর ২০১৫, ১৮:০৪
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) উদ্যোগে দুই দিনব্যাপী ‘জব ফেয়ার-২০১৫’ শনিবার থেকে শুরু হতে যাচ্ছে। চলবে রবিবার পর্যন্ত। রাবি ক্যাম্পাসের টিএসসিসি চত্বরে আয়োজিত মেলায় দেশের স্বনামধন্য ২০ টি কোম্পানি অংশগ্রহণ করবে বলে জানা গেছে।
 
শনিবার সকাল সাড়ে নয়টায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান উপস্থিত থাকবেন।
 
আরইউসিসি সভাপতি সালেক আহমেদ জানান, মেলায় অংশগ্রহণকারী কিছু কোম্পানি সরাসরি সিভি (জীবন বৃত্তান্ত) সংগ্রহ, বাছাই এবং ইন্টারভিউ গ্রহণের মাধ্যমে অন স্পট চাকরির অফার করবে। অন্য কোম্পানিগুলো সিভি সংগ্রহ, বাছাই, ইন্টারভিউ গ্রহণ করবে এবং পরবর্তীতে প্রধান কার্যালয় থেকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করবে।