রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন ‘নিখোঁজ’

আপডেট : ২১ নভেম্বর ২০১৫, ০৯:৪৩
রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেনকে সাদা পোশাকধারী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার ভোরে নগরীর শালবন মিস্ত্রিপাড়া এলাকায় নিজ বাসভবন থেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো সংস্থাই গ্রেফতারের বিষয়টি স্বীকার করেনি।
 
বিএনপি নেতার স্ত্রী সুফিয়া বেগম, কন্যা মাহিন তাবাসসুম ও ভাতিজি আফরোজা মহিউদ্দিন অভিযোগ করে বলেন, রাত সাড়ে ৩টার দিকে বিপুল সংখ্যক সাদা পোশাকের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য আমাদের বাড়ি ঘেরাও করে রাখে। পরে তারা দোতলায় মোজাফফর হোসেনের কক্ষে গিয়ে তাকে তুলে নিয়ে যায়। এ সময় তারা জানায় যে তারা প্রশাসনের লোক, জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তবে কোন সংস্থার লোক, সেটি তারা জানায়নি।
 
মোজাফফর হোসেনকে তুলে নিয়ে যাওয়ার পর পরিবারের সদস্যরা র‌্যাব ও পুলিশসহ বিভিন্ন সংস্থার লোকজনের সাথে যোগাযোগ করলে তারা বিষয়টি এড়িয়ে যান। তারা মোজাফফর হোসেনের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।
 
তবে র‌্যাব ও পুলিশের সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তারা বিষয়টি জানেন না বলে জানান। 
 
এ ব্যাপারে কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, মোজাফফর হোসেনের বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তবে তার নিখোঁজ হওয়ার বিষয়টি আমাদের জানা নেই। তাকে পুলিশ গ্রেফতার করেনি। এ ব্যাপারে র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার মেজর আশরাফ আলীও বলেন, আমরা বিষয়টি জানি না।