বাগেরহাটের রামপালে জামায়াতের আমিরসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ ১০টি হাত বোমা উদ্ধার করা হয়। শুক্রবার দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সোনাতুনিয়া দাখিল মাদ্রাসার পাশ থেকে বোমাসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, রামপাল উপজেলা জামায়াত ইসলামের আমীর মো. জুলফিকার আলী (৪২) ও জামায়াত কর্মী মুস্তাফিজুর রহমান (৩৫)। তাদের বাড়ি যথাক্রমে উপজেলার বাঁশতলি ও দেবিপুর গ্রামে। উপজেলা জামায়াতের আমির মো. জুলফিকার আলীর বিরুদ্ধে রামপাল থানায় নাশকতার তিনটি মামলা রয়েছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এলাকায় নাশকতা ঘটাতে উপজেলা জামায়াতের আমীর জুলফিকার আলীর নেতৃত্বে সোনাতুনিয়া দাখিল মাদ্রাসার পাশে গোপন বৈঠক করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে দশ হাত বোমাসহ তাদের গ্রেফতার করে। তাদের থানায় রেখে জ্ঞিাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া হাত বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে।
