আটক একজনকে উদ্ধারে থানায় তদবির করতে গিয়ে নাশকতা মামলায় গ্রেফতার হলেন বগুড়া পৌরসভার ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোস্তফা। শনিবার বেলা ১১ টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা গেছে, শুক্রবার রাতে জেলা সদর থানা পুলিশ শহরের ধরমপুর এলাকার বাবলু নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। শনিবার সকালে বিএনপি সমর্থিত পৌর কাউন্সিলর গোলাম মোস্তফা সদর থানায় গিয়ে গ্রেফতার ওই ব্যক্তিকে ছাড়াতে তদবির করেন। একপর্যায় তিনি ট্রাকে অগ্নিসংযোগ মামলার এজাহার ভুক্ত আসামি জানিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোসাদ্দেক আলী জানান, চলতি বছরের শুরুতে হরতাল অবরোধ চলাকালে মাটিডালি এলাকায় আলু বোঝাই ট্রাকে আগুন দেয়ার ঘটনায় তিনি নয় নম্বর আসামি।
