জয়পুরহাটের কালাই উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজারা চারপাশের সীমানায় বেড়া দিয়ে চাচার পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে। দেয়ায় মানবেতর জীবন যাপন করছেন একটি পরিবার। মঙ্গলবার সকাল থেকে বাড়ি থেকে বাহির হওয়ার রাস্তা বন্ধ করে দেয়ায় মই বেয়ে বাইরে বের হয়ে নিত্যকার্য করতে হচ্ছে পরিবারটিকে।
জয়পুরহাটের কালাই উপজেলার আপোল-নিমেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সরেজমিন জানা গেছে, উপজেলার আপোল-নিমেরপাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মোখলেছুর রহমানের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তার প্রয়াত বড় ভাই মঞ্জুর রহমানের ছেলে সোহেল, ফরিদ, সোহাগ ও সুজন চলাচলের রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। এতে করে মোখলেছুর স্ত্রী-সন্তান ও গৃহপালিত পশু নিয়ে ওই বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েছে।
এ ব্যাপারে মোখলেছুর রহমান বলেন, ‘জমিজমা সংক্রান্ত বিবাদের কারণে নিজের ভাতিজারা আমাকে স্বপরিবারে অবরুদ্ধ করে রেখেছে। ’
মোখলেছুরের ভাতিজা সোহেল, ফরিদ, সোহাগ ও সুজন বলেন, ‘বাড়ির জমির অংশ ভাগাভাগির জন্য চাচাকে বারবার বলেও কোন সাড়া পাননি তারা। চাচাকে ওই কাজে বাধ্য করার জন্যই চলাচলের রাস্তা বন্ধ করে তাকে অবরুদ্ধ করা হয়েছে।’
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
