গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ইসমত আরা ইসি (১৪) নামের এক পিএসসি পরীক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার দিবাগত রাতে উপজেলা সদরের উত্তর কাজীবাড়ি সন্তোলা গ্রামের বেপারী পাড়ায় এ ঘটনা ঘটে।
ইসমত আরা ইসি ওই গ্রামের ছামছুল ইসলাম ওরফে ইসলাম মিয়ার মেয়ে এবং সাদুল্লাপুর বালিকা দাখিল মাদ্রাসার এবতেদায়ী শাখার পঞ্চম শ্রেণির ছাত্রী। রবিবার থেকে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় তার অংশ নেয়ার কথা ছিল।
সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এস আই) রামজীবন পরিবারের বরাত দিয়ে জানান, ২০১৪ সালে পিএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে ইসমত আরা ইসি অকৃতকার্য হয়। তাই চলতি বছর অনুুষ্ঠিত পরীক্ষায় যাতে অকৃতকার্য না হয়- এ ব্যাপারে ইসিকে তার পরিবারের লোকজন সর্তক করে দেয়। এছাড়া ভালো করে লেখাপড়া করারও পরামর্শ দেয়। ওই ভয়ে সে শনিবার রাতে আত্মহত্যা করে।
তিনি আরো জানান, পরিবারের লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে রাত সাড়ে ১০টায় ঘটনাস্থলে গিয়ে সুরতাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, এ ঘটনায় ইসির মা মারুফা বেগম বাদি হয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছেন।
