গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকের পাশে মাটির নিচে পুতে রাখা সরকারি ওষুধ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ওষুধগুলো মধ্যে হাইসোমাইট ট্যাবলেট ৪৫ পাতা, জিংক ট্যাবলেট ৬০ পাতা, জিংক সিরাপ ২৫ বোতল, বেনজাইল বেনজিন এসিড ( বি বি লোশন) ২২ বোতল ও ১ বোতল এমোক্সোসিলিন সিরাপ রয়েছে।
পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান জানান, উদ্ধারকৃত ওষুধুলোর মধ্যে হাইসোমাইট ট্যাবলেট ছাড়া চারটি আইটেমের মেয়াদ উর্ত্তীণ হয়ে গেছে।
তিনি আরো জানান, ওষুধের মেয়াদ উর্ত্তীণ হয়ে যাওয়ায় এগুলো শনিবার মাটির নিচে পুঁতে রাখা হয়েছে বলে তাকে জানান ঐ ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ফৌজি আক্তার।
ওসি জানান, এ ব্যাপারে ফৌজি আক্তারকে জিজ্ঞাসাবাদসহ সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে কাউকে আটক করা হয়নি।
উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শাহানা বানু জানান, বিষয়টি তদন্তের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
