নবীগঞ্জে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

আপডেট : ২২ নভেম্বর ২০১৫, ১৩:২৭
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড়গাঁও গ্রামে একই রশিতে ফাঁস লাগিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। রবিবার সকাল সাড়ে ৯টায় লাশ উদ্ধার করে পুলিশ।
 
নিহতরা হলেন- বড়গাঁও গ্রামের দুলাই মিয়ার ছেলে যুবায়েল মিয়া (২৫) ও তার পুত্রবধূ লিমা (২০)।
 
স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার ফানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামের যুবায়েল ও তার স্ত্রী লিমা বেগম শনিবার দিবাগত রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রবিবার সকালে তাদের ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় ও সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরের ভেতরে ঢোকেন। এ সময় তারা ঘরের আঁড়ার সঙ্গে তাদের ঝুলতে দেখেন। খবর পেয়ে সকাল সাড়ে ৯টায় পুলিশ লাশ উদ্ধার করে। 
 
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাবে না।