দিনাজপুরের ঘোড়াঘাট খেতাবমোড়ে ৭৭ লাখ টাকাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার ওসি নুরুজ্জামান চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে একটি মাইক্রোবাসসহ (ঢাকা মেট্রো চ-১৫-১৮৩৬) তাদের আটক করেন।
আটককৃতরা হলেন- চালক হাকিমপুর উপজেলার উত্তর বাসিদেবপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে শাহিনুর রহমান (২৯) ও মাইক্রোবাসে থাকা একই উপজেলার চেচড়া গ্রামের মহবুল ইসলামের ছেলে সবুজ (২৮)।
তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। আটককৃতরা জানায়, তাদের কাছে ১৩ লাখ আছে। পরবর্তী জিজ্ঞাসাবাদে শিকার করে একটি ব্যাগে ৩১লাখ টাকা আছে। পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসারের সন্দেহ হলে মাইক্রোবাসটি তল্লাশি করে ছাদের নিচে একটি ছিদ্র দিয়ে হাত দিয়ে আরো ৪৪ লাখ ও মাইক্রোবাসের এসির ভেতর থেকে আরো ২লাখসহ মোট ৭৭ লাখ টাকা টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা জানায়, মাইক্রোবাসটির মালিক হিলির সিএনএফ ব্যবসায়ী রেজাউল হাজী। ওই টাকা তারা বগুড়া একটি আড়তে নিয়ে যাচ্ছিলেন। টাকার কিছু বগুড়া ইসলামী ব্যাংকে জমা হবে এবং কিছু টাকা দিয়ে একটি মাইক্রোবাস কেনা হবে। জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় ব্যাপক গড়মিল দেখা দেয়।
উদ্ধারকৃত টাকাগুলো যদি হন্ডির টাকা হয় তাহলে সেই আইনে মামলা হবে বলে জানান ওসি।
