খুলনা মহানগর বিএনপি সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু এবং সাধারণ সম্পাদক ও কেসিসির সাময়িক বরখাস্তকৃত মেয়র মনিরুজ্জামান মনিসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রবিবার খুলনার মুখ্য মহানগর হাকিম মেজবাহ উদ্দিন আহমেদ এই আদেশ জারি করেন।
বিএনপির কর্মসূচি পালনকালে নগরীর পাওয়ার হাউজ মোড়ে পুলিশের ওপর হামলায় ঘটনায় দায়েরকৃত মামলায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর আগে ইজিবাইক ভাংচুর মামলায় গত ১৬ নভেম্বর আদালত নজরুল ইসলাম মঞ্জু ও মনিরুজ্জামান মনিসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোল্লা গোলাম মাওলা জানান, ২০১৩ সালের ২৬ নভেম্বর নগরীর পাওয়ার হাউজ মোড়ে বিএনপির কর্মসূচি চলাকালে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় খুলনা সদর থানায় মামলা দায়ের করা হয়। মামলায় পুলিশ খুলনা মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিসহ ৫২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। এই মামলার অপর ৩৬ জন আসামি আগে থেকেই জামিনে রয়েছেন।
