সিলেটের নয় বছরের শিশু আবু সাঈদকে অপহরণ ও হত্যা মামলায় রবিবার সাঈদের মাসহ আরো ছয়জনের সাক্ষ্যগ্রহণ করেছে আদালত। এ নিয়ে এ মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো।
রবিবার বেলা ১১ টা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদের আদালতে এ সাক্ষ্য গ্রহণ হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সাক্ষ্য গ্রহণ কার্যক্রম চলবে। এ মামলায় মোট ৩৭ জনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে।
আদালতে সাঈদের মা সালেহা বেগম, মামা জয়নাল আবেদীন, হিলাল আহমদ, বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন, থানার এসআই সাফরাজ মিয়া ও ব্যবসায়ী আবুল কাশেম সাক্ষ্য দিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার সাঈদের বাবা ও মামলার বাদী মতিন মিয়া, আশরাফুজ্জামান আজম, ফিরোজ আহমদ, ওলিউর রহমান ও শফিকুল ইসলাম আলকাছ আদালতে সাক্ষ্য দেন।
১৭ নভেম্বর এ মামলায় চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরা হলেন, নগরীর বিমানবন্দর থানার কনস্টেবল (বরখাস্তকৃত) এবাদুর রহমান পুতুল, র্যাবের কথিত সোর্স আতাউর রহমান গেদা, সিলেট জেলা ওলামী লীগের সাধারণ স¤পাদক নূরুল ইসলাম রাকিব ও প্রচার স¤পাদক মাহিব হোসেন মাসুম।
উল্লেখ্য, ১১ মার্চ সিলেট নগরীর রায়নগর থেকে স্কুলছাত্র আবু সাঈদকে (৯) অপহরণ করা হয়। ১৩ মার্চ রাত সাড়ে ১০ টায় বিমানবন্দর থানার পুলিশ কনস্টেবল এবাদুর রহমান পুতুলের কুমারপাড়াস্থ বাসার ছাদের চিলেকোঠা থেকে সাঈদের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়।
