গাজীপুরের শ্রীপুরে ওসিন নামের একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৮টার দিকে জৈনাবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. জিহাদ মিয়া জানান, সকালে ওসিন স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানার টিনশেড ভবনের তুলা প্রক্রিয়াকরণ মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে তুলা প্রক্রিয়াকরণ মেশিন ও তুলা পুড়ে আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু পুলিশের দাবি, এ ঘটনায় ১০-১৫ হাজার টাকা ক্ষতি হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।
