প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফাঁদে

আপডেট : ২৩ নভেম্বর ২০১৫, ১৫:০৮
বাগেরহাটের শরণখোলায় প্রতিপক্ষের বাড়িতে অস্ত্র রেখে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন আ. রহমান হাওলাদার (৩৭) নামের এক যুবক। সোমবার ভোরে দুটি কাটা বন্দুকসহ বাগেরহাটের ডিবি পুলিশ উপজেলার সুন্দরবন সংলগ্ন সোনাতলা গ্রাম থেকে তাকে আটক করে।  
 
বাগেরহাটের গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, সোনাতলা গ্রামের আইয়ুব হাওলাদারের ছেলে আ. রহমান হাওলাদার সঙ্গে প্রতিবেশী আ. সালাম মিয়ার জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শত্রুতার জের ধরে সালামের বাড়ির পুকুর পাড়ে ২টি কাটা বন্দুক রেখে রহমান রবিবার রাতে বাগেরহাটের ডিবি পুলিশকে খবর দেন। তার তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে এসআই গাজী ইকবাল ও এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সালামের বাড়ির পুকুর পাড় থেকে আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করে। বিষয়টি তাদের সন্দেহ হলে তথ্যদাতা রহমানকে জিজ্ঞিাসাবাদে মূল রহস্য বেরিয়ে আসে। 
 
ডিবির এসআই গাজী ইকবাল জানান, আটককৃত রহমান অস্ত্র রেখে প্রতিপক্ষকে ফাঁসানোর বিষয়টি স্বীকার করেছেন। তাকে বাগেরহাট ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।